সাতক্ষীরায় বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াত
আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সাতক্ষীরায় আধাবেলার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
বুধবার বেলা ১২টার দিকে জামায়াতের জেলা সেক্রেটারি নুরুল হুদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দেন।
পিএসসি পরীক্ষা হরতালের আওতা মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গভীর রাতে সদর উপজেলার আগরদাঁড়ি এলাকায় আসামি ধরতে গেলে পুলিশ, র্যাব ও বিজিবির ওপর হামলা চালায় জামায়াত কর্মীরা। মাইক ডেকে লোক জড়ো করে তারা এ হামলা চালায় বলে সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান।
সংঘর্ষের পর জামায়াত কর্মীরা আবাদের হাট বাজারে আওয়ামী লীগ সমর্থক ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা-লুটপাট চালায় বলে জানান তিনি।
জামায়াতে ইসলামী বলেছে, সংঘর্ষে গুলিতে তাদের শামসুর রহমান নিহত হয়েছেন।
এক পর্যায়ে যৌথ বাহিনীর সদস্যদের চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করে। রাস্তার ওপর গাছ ফেলে অবরোধও সৃষ্টি করে।
“যৌথবাহিনীর সদস্যরা এ সময় আত্মরক্ষার জন্য টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ভোরের দিকে তাদের উদ্ধার করে সরিয়ে আনে,” বলেন ওসি।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক মণ্ডল সাংবাদিকদের বলেন, যৌথ বাহিনীর প্রায় এক হাজার সদস্য ৩৩টি গাড়ি নিয়ে এলাকায় আসে এবং নেতা-কর্মীদের গ্রেপ্তারের চেষ্টা চালায়।
“এ সময় এলাকাবাসী মাইকিং করলে লোকজন তাদের অবরুদ্ধ করে ফেলে। সংঘর্ষের মধ্যে পুলিশের গুলিতে শামছুর রহমান নামে আমাদের এক কর্মী মারা গেছেন।”
