২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপি-জামায়াতের হামলায় ১০ পুলিশ আহত

বিরোধী দলের হরতাল ও অবরোধের মধ্যে বিএনপি-জামায়াত কর্মীদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 01:50 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

বুধবার সকালে নগরীর কাদিরগঞ্জে এ ঘটনায় আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধ ও স্থানীয় বিএনপির ডাকে আধাবেলা হরতালের সমর্থনে সকাল ৭টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে মিছিল বের করে বিএনপি-জামায়াতের কর্মীরা। মিছিল নিয়ে তারা রাজশাহী কলেজের সামনে রাস্তায় সমাবেশ করে।

এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়লে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে বিএনপি-জামায়াত কর্মীরা রাজশাহী কলেজ চত্বরে ঢুকে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমাসহ ইটপাটকেল নিক্ষেপ করে।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, ছাত্রশিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ১০/১২টি বোমা ছুড়েছে। বোমার আঘাতে ১০ পুলিশ আহত হয়েছে।

“আহতদের মধ্যে কনস্টেবল আব্দুল হামিদ, আজম আলী ও তৌহিদ হোসেনসহ চারজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

অন্যদের পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

ওসি জিয়া আরো জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিবিরকর্মীরা সাহেববাজার জিরোপয়েন্টে ৬/৭টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সেখান থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু বলেন, সংক্ষিপ্ত সমাবেশ করার সময় পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।