২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বোমাবাজি-ভাংচুর, গ্রেপ্তার ৬

বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের দুই উপজেলায় সংঘর্ষ, বোমাবাজি ও ভাংচুর চালিয়েছে ১৮ দলীয় জোটের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 11:12 AM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বৃধবার সকালে এসব ঘটনায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুরুজ জামানসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানিয়েছেন, বুধবার সকাল ৬টার দিকে সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা এলাকা এবং সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়িতে অবরোধকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা টোলপ্লাজার কাছে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দিলে পুলিশ তাদের সরে যেতে বলে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

অবরোধকারীরা এ সময় বেশ কয়েকটি হাতবোমাও ফাটায়।  

পরে বাড়তি পুলিশ ও সাঁজোয়া যান দিয়ে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয় বলে সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় অন্তত ১০ জন আহত হন।

অন্যদিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সমর্থকরা সকালে অবরোধের সমর্থনে মিছিল বের করে।

এ সময় তারা টায়ার ও গাছের গুঁড়িতে আগুন দেয় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে। বেশ কয়েকটি যানবাহনেও ভাংচুর চালানো হয়। ফাটানো হয় ৭/৮টি হাতবোমা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শট গানের গুলি ছুঁড়লে তারা  ছত্রভঙ্গ হয়ে যায় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মঈনুর রহমান জানান, সকালে বন্দর উপজেলার মদনপুর এলাকায় পিকেটিং করার সময় বিএনপি নেতা সুরুজসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়।