২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশ-অবরোধকারী সংঘর্ষ, আটক ১

বিরোধী দলের অবরোধের দ্বিতীয় দিনে বরিশালে ১৮ দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আটক করা হয়েছে একজনকে।  

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 09:42 AM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বরিশাল নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আবু সালেহ মোহাম্মদ রায়হান জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের কাশিপুরের ‘সুরভী পেট্রল পম্পের’ সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে অবরোধের সমর্থনে একটি মিছিল মহাসড়কে এসে যানবাহন ভাংচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ এসে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।

মিছিলকারীরা কিছুক্ষণ পর আবার একজোট হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ করে ঢিল ছুড়তে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে রাবার বুলেট, শটগানের গুলি ও টিয়ার শেল ছুড়তে হয় বলে উপ কমিশনার জানান।

এ সময় প্রায় এক ঘণ্টা থেমে থেমে সংঘর্ষ চলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

সংঘর্ষের সময় ওই পাম্পের সামনে থেকে মাসুদ (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ছাত্রদল কর্মী বলে উপকমিশনার রায়হান জানান। 

মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুখের দাবি, তাদের শান্তিপুর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়েছে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ২৫ কর্মী আহত হয়েছেন।

এদিকে বরিশাল বিএম কলেজের সামনেও অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় বলে উপকমিশনার জানান।