ফিলিপিন্সে সাহায্য নিয়ে যাচ্ছে নৌবাহিনী
ফিলিপিন্সে টাইফুন ‘হাইয়ান’এ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশ নৌ- বাহিনীর জাহাজ ‘বিএনএস সমুদ্রজয়’ কোটি টাকার ত্রাণ নিয়ে ম্যানিলার পথে রওনা হয়েছে।
আগামী ২৯ নভেম্বর জাহাজটি ফিলিপিন্স পৌঁছবে বলে মঙ্গলবার নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে ৩৬ হাজার কেজি ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হওয়া ‘সমুদ্রজয়’ নৌবহরে সর্বশেষ যুক্ত হওয়া সর্ববৃহৎ জাহাজ।
এসব ত্রাণ সামগ্রী ম্যানিলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন কমডোর নাজমুল করিম কিসলু এবং ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দেশ যারা ফিলিপিন্সে টাইফুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে বিস্কুট, নুডলস, প্যাকেটজাত মাছ, গরুর মাংস, বাদাম, শস্যদানা, শিশুখাদ্য, ফল, গুঁড়ো দুধ, কোমল পানীয়, বিশুদ্ধ পানি, শীতবস্ত্র, কম্বল, তোয়ালে, চাদর, মোমবাতি, টর্চ লাইট, জীবাণুনাশক সাবান এবং প্রয়োজনীয় ওষুধ।
