বগুড়ায় যুবদলকর্মী নিহত, বুধবার হরতাল
অবরোধ চলাকালে বগুড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন।
মঙ্গলবার বিকালে এ সংঘর্ষে নিহত হন ইউসুফ আলী শহরের ১৩নং ওয়ার্ড যুবদল কর্মী বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় বগুড়া জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরতলীর বনানী এলাকায় যুবদল সমর্থকরা ঢাকা-বগুড়া মহাসড়কে অবরোধ করে।
বিকাল ৩টার দিকে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ বেধে যায়।
এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ছোড়ে এবং যুবদলকর্মীরা হাতবোমা নিক্ষেপ করে।
প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে যুবদলকর্মী ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শাহজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে যুবদলকর্মীরা পুলিশের উপর অসংখ্য ককটেল নিক্ষেপ করে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
ইউসুফ নামের এক যুবদলকর্মী নিহত হওয়ার ঘটনা স্বীকার করলেও তার মৃত্যু গুলিতে হয়েছে কি না তা তিনি নিশ্চিত করেননি।
বগুড়া যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার জানান, নিহত ইউসুফ আলী ১৩নং ওয়ার্ড যুবদলের কর্মী।
২০নং ওয়ার্ড যুবদল নেতা মোনা, ১১নং ওয়ার্ড যুবদলনেতা কমরেডসহ ৫ জন গুলিবিদ্ধ হন। এছাড়া টিয়ারশেল ও রাবার বুলেটে তিনিসহ ২০ জন আহত হয়েছেন।
তিনি আরো জানান, আহত কমরেডের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, ইউসুফকে গুলি করে হত্যা এবং বিরোধীদলের নেতাকর্মীদের উপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
