২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের ‘সুবিবেচনার’ আশায় শিক্ষামন্ত্রী

প্রাথমিক সমাপনী পরীক্ষার কথা বিবেচনা করে ১৮ দলীয় জোট অবরোধ প্রত্যাহার করবে বলে আশা করছেন নির্বাচনকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 02:57 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষার জন্য বিরোধী দলকে তিনি বুধবারের অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

“দেখি তারা কি উত্তর দেন। আশা করি তারা তাদের কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত করবেন। তাদের বিবেকের কাছে এ আহ্বান রাখছি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে তারা এতে সাড়া দেবেন।”

৩০ লাখ শিক্ষার্থীকে অনিশ্চয়তা ও বিপদের মুখে ফেলে কোনো কর্মসূচি ‘মঙ্গলজনক’ হতে পারে না বলেও মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।

বিরোধী দল প্রাথমিক সমাপনী পরীক্ষাকে অবরোধের আওতামুক্ত রাখার কথা বললেও তাদের কর্মসুচি প্রত্যাহারের আহ্বান জানানো হচ্ছে কেন- এমন প্রশ্নে নাহিদ বলেন, “আমরা আমাদের শিক্ষার্থীদের হিংস্রতার মুখে ঠেলে দিতে পারি না।”

অবরোধ প্রত্যাহারের কোনো ঘোষণা না এলে মঙ্গলবার বিকালে প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান মন্ত্রী।

নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার এই অবরোধ করছে ১৮ দলীয় জোট। মঙ্গলবার কোনো পরীক্ষ না থাকলেও বুধবার প্রাথমিক সমাপনীতে প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়ীতে আরবি পরীক্ষা রয়েছে।

গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়, যাতে অংশ নিচ্ছে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী।

এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জেএসসি-জেডিসির বেশ কয়েকটি পরীক্ষা বিরোধীদলের হরতালের কারণে পিছিয়ে যায়।