২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চলছে গণপরিবহন, গ্রেপ্তার ৮

বিরোধী দলের অবরোধ ও জেলা বিএনপির হরতালের মধ্যে চট্টগ্রামে চলছে গণপরিবহন। যান চলাচলে বাধা দেয়ার চেষ্টায় উত্তর জেলা বিএনপির এক নেতাসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 12:54 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার সকাল থেকে নগরীতে  গণপরিবহন চলাচল করছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে ব্যক্তিগত গাড়ির দেখা না মিললেও গণপরিবহন চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। নগরীর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

তবে বেলা পৌনে ১১টার দিকে কাজীর দেউড়ি মোড় এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অর্থ সম্পাদক ছালামত উল্লাহসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে আলমাস সিনেমার মোড় থেকে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম (৪৫) ও ছাত্রদল কর্মী শফিউল আলমকে (২৬) গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, হরতালে পিকেটিংয়ের চেষ্টা ও নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার বিকালে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে আওয়ামী লীগ- বিএনপির সংঘর্ষে বিএনপি দলীয় সাংসদ মোস্তফা কামাল পাশার ছেলে ইকবাল পাশা জাবেদ আহত হয়।

এর প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে মঙ্গলবার ভোর ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

হরতালে চট্টগ্রামে ব্যাংক, বীমা ও পোশাক কারখানায়  স্বাভাবিক কাজ চলছে।

এদিকে অবরোধকারীরা ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের বিভিন্ন স্থানে রেল লাইন তুলে ফেলায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) এসএম মুরাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমামবাড়ি, গঙ্গাসাগর ও কসবা রেল স্টেশন এলাকায় অবরোধকারীরা রেল লাইন উপড়ে ফেলায় বিভিন্ন ট্রেন আটকা পড়েছে।

সকাল থেকে চট্টগ্রাম থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি এবং চট্টগ্রামেও কোনো ট্রেন এসে পৌঁছায়নি।

চট্টগ্রাম রেল স্টেশনের অনুসন্ধান বিভাগে দায়িত্বরত মো. মহসিন জানান, সোমবার বাহ্মণবাড়িয়া স্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সব ট্রেনের শিডিউল বিপর্যয় হয়।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া খানবাড়ি এলাকায় পৌঁছালে দুস্কৃতকারীরা ট্রেনে হামলা চালিয়ে ইঞ্জিন ভাংচুর করে ও দুটি বগিতে আগুন দেয়।