জাতীয় নির্বাচনের তফসিল: জনপ্রতিক্রিয়া
আপনার মতামত ও প্রতিক্রিয়া (অনূর্ধ্ব ১০০ শব্দ) পাঠান নিচের ঠিকানায়: reactions@bdnews24.com
আব্দুল কুদ্দুস মিয়া, গাইবান্ধা শহরের পত্রিকার হকার
“বিএনপিও ১৯৯৬ এ ধরনের একটি নির্বাচন করেছিল। তাতে যেমন সাধারণ মানুষের অংশ গ্রহণ ছিল না। এ নির্বাচনেও সাধারণ মানুষের কোনো অংশ গ্রহণ থাকবে না।”
মাহমুদুল গনি রিজন, গাইবান্ধা জেলা উদীচীর সাধারণ সম্পাদক
“সব দলে অংশ গ্রহণ ছাড়া নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।”
গৌতম আশীষ গুহ, গাইবান্ধা আদর্শ কলেজের শিক্ষক প্রভাষক
“এ নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষের জনদুর্ভোগ আরো বাড়বে। এছাড়া দেশের অন্যান্য ক্ষেত্রের মতো শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীরা বিরোধী দলের হরতাল, অবরোধসহ নানা আন্দোলনের কারণে তাদের মূল্যবান সময় নষ্ট হবে, চলমান গতির ছন্দপতন হবে এবং নানা সমস্যার মুখোমুখি হতে হবে।”
মিহির ঘোষ, গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক
“তফসিল ঘোষণার পর দেশের রাজনৈতিক সঙ্কট আরো বৃদ্ধি পাবে। এ নির্বাচন দেশ ও বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্যতা পাবে না।”
গোবিন্দ লাল দাস, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি
“সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপিকে নির্বাচনের অংশ নেয়ার পরিবেশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে তৈরি করতে হবে।”
অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদিক, জেলা বিএনপির সভাপতি
“সরকার যে এক তরফা নির্বাচনের পরিকল্পনা করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে তারই প্রথম ধাপ। বিএনপির ব্যাপক জনপ্রিয়তাকে ভয় পেয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংসদ নির্বাচনে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে ফাঁকা মাঠে জয় লাভ করতে চায়, কিন্তু সাধারণ মানুষ এ নির্বাচনকে যেকোনো মূল্যে প্রতিহত করবে।”
আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
“সংবিধান অনুসারে দেশের জন্য এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যে দল এ নির্বাচনে অংশ নেবে না, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। এ নির্বাচনের দেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেবে।”
কৃষিবিদ সুলতান মাহমুদ বাদশা, বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের সোনামুনি কিন্ডার গাটেনের অধ্যক্ষ
“সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান যথাযথ হয়েছে। বিএনপি সংবিধানে বিশ্বাস করলে নির্বাচনে আসা উচিত। সংবিধান মানা ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”
আব্দুস সালাম বাবু, বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের মুরইল গ্রামবাসী
“ভোট নির্দিষ্ট সময়ে হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার আগে দুই প্রধান দলের বৈঠকের কথা শুনছিলাম। কে কার মতো করে ভোটে আসবে তা নিয়ে নির্বাচন বসে থাকবে না।
“আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিব।”
আমজাদ হোসেন মিন্টু, বগুড়ার শেরপুরের সিমা বাড়ি ইউনিয়নের টাকাধুপুরিয়া গ্রামবাসী
“সিইসি নির্বাচনের সিডিউল ঘোষণা করেছে। নির্দিষ্ট সময়ে সিডিউল ঘোষণা করা এবং সুষ্ঠু নির্বাচন করা তাদের দায়িত্ব ও কর্তব্য।
“বিএনপি নির্বাচনে আসলে বিএনপির জন্যই ভালো হতো। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। ”
হারুন, রিকশা ড্রাইভার, সুনামগঞ্জ
“কোন দল আইলো আর কে আইলো না আমরা চিনি না। আমরা ভোটের সময় আইলে শুধু ভোট দেই।”
মলয় চন্দ, সুনামগঞ্জ পৌর যুবলীগ নেতা
“আমরা নির্বাচন চাই আর আশা করি বিএনপি এতে অংশ গ্রহণ করবে।”
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জের বিশিষ্ট নাগরিক
“আমরা শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আর বড় দুই দলের অংশগ্রহণে নির্বাচন হলে ভালো হতো।”
এটিএম হেলাল, সুনামগঞ্জ জেলার বিএনপি নেতা
“বিএনপি ছাড়া এই নির্বাচন কারো কাছে গ্রহণ যোগ্য হবে না।”
সাখাওয়াত হোসেন, আইনজীবী, নাটোর আইনজীবী সমিতি
“শান্তির জন্য বাঘে-মহিষে এক ঘাটে পানি খায়। অথচ দেশের শান্তির জন্য দুই নেত্রী ঐক্যমতে পৌঁছাতে পারলেন না। এই কষ্ট কোথায় রাখবো?”
মাসুদ রানা, অটোরিকশা চালক, নাটোর
“ভোটের তারিখ দিয়া লাভ কি? ফ্যাসাদ তো মিটছে না! এরকম ভোট চাই না।”
আশরাফ হোসেন, শিক্ষক, বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর
“সিইসিকে দোষ দিয়ে লাভ কী? তাঁর তো ভোট অনুষ্ঠান করাই কাজ।”
মিজানুর রহমান, শিক্ষার্থী, বিএসএস পাশ কোর্স, শহীদ এম মনসুর আলী কলেজ
“সব দল নির্বাচনে অংশ গ্রহণ নিশ্চিত না করে নির্বাচনের তফসিল ঘোষণা করা ঠিক হয়নি। উচিত ছিল নির্বাচন কমিশনের ১৮ দলের সাথে সংলাপ করা।”
রাজিবুল ইসলাম রাজিব, শিক্ষার্থী সিভিল ৪র্থ বর্ষ, পাবনা পলিটেকনিক ইনিস্টিটিউট
“এত দ্রুত নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণা করা উচিত হয়নি। এভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে সর্বজন গ্রহণযোগ্য হবে না।”
“কাজী মাহবুব মোর্শেদ বাবলা, নির্বাহী সম্পাদক, দৈনিক বিবৃতি, পাবনা
“মাত্র ৫ দিন সময় রেখে নির্বাচনের তফসিল ঘোষনায় দেশে অরাজকতা ও সহিংসতা বৃদ্ধি পাবে। ১৮ দলের নৈরাজ্য সৃষ্টির জন্যে নির্বাচন কমিশনকেও এর দায় ভার বহন করতে হবে।”
শায়লা শারমিন, গৃহিণী, শালগাড়িয়া, পাবনা
“দলমত কিছু বুঝি না, প্রার্থী পছন্দ হলে ভোট দিই। পছন্দ না হলে ভোট কেন্দ্রে যাই না। তফসিল নিয়ে মাথা ব্যথা নাই, তবে দেশে শান্তি চাই। নিরাপদে নির্বিঘেœ চলাচল করতে চাই।”
উৎপল মির্জা, সাবেক সাধারণ সম্পাদক, পাবনা প্রেসক্লাব
“গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচন আমরা অবশ্যই প্রত্যাশা করি, কিন্তু সেই নির্বাচন যেন সব দলের অংশ গ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেটাই প্রত্যাশা করি।
তবে এই তফসিল ঘোষণা আরো কয়েকদিন পর হলে ভালো হতো। দুই দলের সংলাপ হওয়ার পর হলে ভালো হতো।”
অধ্যাপক আনোয়ারুল হক বেগ, ডিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
নির্বাচন কমিশন সাংবিধানিক বাধ্যবাধকার কারণেই নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। তারা তো কোন দলকে নির্বাচনে আসতে নিষেধ করেনি। তাই সকলের উচিত নির্বাচণে অংশ নেয়া। অন্যথায় সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে।”
জুনায়েদ শুভ্র, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
“প্রধান নির্বাচন কমিশনার গতকাল বলেছিলেন, ‘আমরা অপেক্ষা করছি।’ কিন্তু আজ হঠাৎ করে নির্বচনী তফসিল ঘোষণা দিলেন। বিভিন্ন মিডিয়ায় যা দেখছি তাতে মনে হচ্ছে এ ঘোষণার ফলে বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হচ্ছে। এটা প্রাণহানি ঘটাতে পারে। এই সহিংসতার গণতন্ত্র কাম্য নয়।”
অধ্যাপক আব্দুস সালাম, শিক্ষক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
“নির্বাচনী তফসিল ঘোষণা একটি চলমান প্রক্রিয়ার অংশ। অন্তরালে অনেক প্রচেষ্টা চলছে। কেউ সাড়া না দিলে অপেক্ষা করে লাভ কী? সকল দলের উচিত নির্বাচনে অংশ নেয়া।”
সবুজ চন্দ্র সরকার, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
“গণতন্ত্র রক্ষায় নির্বাচন হতেই হবে। তবে অতীত ঐতিহ্য অনুযায়ী বলতে পারি, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হওয়ার সুযোগ কম।”
সাদ রাফিন, মিডিয়া কর্মী, ঢাকা
“দেশের যে অবস্থা তাতে এই মুহূর্তে নির্বাচন মানে সংঘাত অনিবার্য। তাই নির্বাচন কমিশনের উচিত দুই জোটের সঙ্গে আলোচনা করে পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করা।”
শিকদার মুরাদ হোসেন, হিসাব কর্মকর্তা, কসমো মিডিয়া লিমিটেড
“রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিষয়ে সমঝোতার আগেই তফসিল ঘোষণা করা ঠিক হয়নি। এতে সমঝোতার সুযোগ থাকলো না।”
এম রমিজ আহমেদ, ঠিকাদার
“এই তফসিল ঘোষণা অযৌক্তিক। বিবাদমান রাজনৈতিক পরিস্থিতিতে এ রকম তফসিল ঘোষণা একটি রাজনৈতিক দলকে সুযোগ করে দেওয়া। এটা কোনো ভাবেই সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড না।”
আব্দুস সোবহান নিপুন, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা
“বিরোধীদল যেখানে আগাম ঘোষণা দিয়ে রেখেছে তারা আন্দোলনে যাবে, সেখানে কোনো ধরনের সমঝোতা ছাড়াই তফসিল ঘোষণা করে দেশকে আরও ঝুঁকির মধ্যে ফেলা হলো। নির্বাচন কমিশনের আরও সময় নেওয়া উচিত ছিল। যাতে সহিংসতা এড়ানো যায়।”
মোল্লা রফিকুল ইসলাম, ম্যানেজার, সার্ভিস ডিভিশন, বেস্ট এয়ার ইঞ্জিনিয়ারিং বিডি কোম্পানি লিমিটেড
“তফসিল ঘোষণা ঠিক আছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এটা তাদের কাজ। বিএনপি যে আন্দোলন করছে তাতে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এই আন্দোলন বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা সৃষ্টি সেটা সরকারের বা রাজনৈতিক দলগুলোর নিজেদের কাজ। তবে সাংবিধানিকভাবে যখন সময় আছে সেই হিসেবে নির্বাচন কমিশন আরেকটু সময় নিতে পারতো।”
জাকারিয়া হোসেন শুভ, ব্যবসায়ী
“আমার মনে হয় তাড়াহুড়া করে তফসিল ঘোষণা করা হয়েছে, সংঘাত বাড়বে।”
ডা. কাজী রফিকুল হক, চিকিৎসক, সাতক্ষীরা
“নির্বাচন হওয়া জরুরি। বিএনপি যদি নির্বাচনে না আসে তবে ৭০ সালের মতো ন্যাপের অবস্থা হবে। আশাকরি নির্বাচন ফ্রি-ফেয়ার হবে।”
মশিয়ুর রহমান,বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত
“লেবেল প্লেয়িং ফিল্ড নেই, বিএনপি আসবে না।”
আব্দুল আজিজ, কম্পিউটার প্রকৌশলী, ঢাকা
“প্রধান বিরোধী দলকে পাশ কাটিয়ে সরকারি দল যে নির্বাচনে করতে যাচ্ছে তাতে দেশে সংঘাত আরও বাড়বে।”
আতিক ইখতিয়ার, পুঁজিবাজারের বিনিয়োগকারী
“আমরা হতাশ দেশে সংঘাত বাড়বে।”
