কক্সবাজারে দালালসহ মালয়েশিয়াগামী আটক
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে সোমবার কক্সবাজার শহর ও টেকনাফে দালালসহ ১৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এরমধ্যে কক্সবাজার শহরে ১৩ জন এবং টেকনাফে চার জনকে আটক করা হয়।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনজুর আলম জানিয়েছেন, বেলা ১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার শামীম গেস্ট হাউস থেকে আটক করা হয় দালাল সাইদুর রহমানকে (২৫)।
সাইদুর নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার শাইজারি এলাকার জাকারিয়ার ছেলে।
উদ্ধার যাত্রীরা হলেন নরসিংদীর কাঠালিয়া এলাকার ওমর ফারুক (২৫), মোহাম্মদ লোকমান (২২), মোহাম্মদ জাহিদুল (২৬), শাহ আলম (৩২), মাটিয়াল কান্দার কামাল হোসেন (১৮), আবদুস সত্তার (২০), খাদিমারচরের মোহাম্মদ ছাদেক (২১), শাওন (২০), মোহাম্মদ মুছা (২৩), নুরালাপুরের মাহাবুবুর রহমান (৪০), নারায়নগঞ্জের আড়াইহাজারের মোহাম্মদ নাজমুল (২০) ও মোহাম্মদ ফারুক (২২)।
ওসি মনজুর আরো জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হলে শামীম গেস্ট হাউস থেকে দালালসহ এ ১৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়া উদ্ধার হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. দেওয়ান রফিকুল আওয়াল জানিয়েছেন, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দুই দালালসহ চার জনকে আটক করেছে কোস্টগার্ড।
বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ বাজারে এ অভিযান চালানো হয়।
আটক দালালরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়া এলাকার রহমত উল্লাহ (২৬) ও সাবরাং গোলার পাড়া এলাকার জিয়াউল হক (২৪)।
উদ্ধার যাত্রীরা হলেন সাতক্ষীরার সিকরা এলাকার মো. আজাহার হোসেন (২৩) এবং মাগুরা জেলার আমুরিয়ার মো. হামছিয়ার (৩২)।
দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা এবং যাত্রীদের ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
