‘জামায়াতের’ হামলা, শিশুসহ আহত ৫
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় স্থানীয় তিন যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির সমর্থকদের বিরুদ্ধে।
সোমবার সকালে সাউথখালী ইউনিয়নের খানের বাজার এলাকায় এ হামলার সময় তারা ঘরে ভাংচুর ও লটপাট করে আগুন ধরিয়ে দেয়।
আহতদের মধ্যে রয়েছেন সাউথখালী ইউনিয়নের এক ওয়ার্ড যুবলীগ সভাপতি বাহাদুর খান, সহসভাপতি আকমান সরদার, যুবলীগ নেতা এমরান শেখ এবং ৫ম শ্রেণির ছাত্র রাকিব। বাকিদের নাম জানা যায়নি।
বাহাদুর খান ও আকমান সরদারকে খুলনা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পিরোজপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শংকর কুমার ঘোষ জানান, আকমান সরদারের বাম চোখ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এছাড়া তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারিভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
আগুনে ঘরের মালামাল পুড়ে গেছে বলে জানান ওসি মল্লিক।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান জানান, গত সেপ্টেম্বর মাস থেকে জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা একের পর এক হামলা চালিয়ে আসছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর।
এ ব্যাপারে জিয়ানগর উপজেলা জামায়াতের আমির হাবিব মুন্সী বলেন, তিনি এখন খুলনায় আছেন। এ হামলার ব্যাপারে কিছু বলতে পারবেন না।
