২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালামের সাংসদ পদ বাতিলের রায় স্থগিত

ময়মনসিংহ-৯ আসনের সাংসদ আব্দুল সালামের সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করে দেয়া হাই কোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:32 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

আওয়ামী লীগের এই সংসদ সদস্যের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সোমবার এই স্থগিতাদেশ দেন।

একইসঙ্গে আগামী ২৮ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠিয়েও দেন তিনি।

আদালতে সালামের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

আপিল বিভাগের আদেশের পর সৈয়দ মামুন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর “ফলে তার সংসদ সদস্য পদ টিকে গেল।”

সংসদ সদস্য হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালনের একেবারে শেষ পর্যায়ে এসে গত বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের এই সাংসদের সদস্যপদ সংসদ সদস্য পদ বাতিল করে রায় দেয় হাই কোর্টের একটি বেঞ্চ।

জামাল উদ্দিন নামে এক আওয়ামী লীগকর্মীর দায়ের করা ওই রিট আবেদনে গত ফেব্রুয়ারি মাসে রুল দিয়েছিল হাই কোর্ট, যার চূড়ান্ত শুনানি শেষে রায় আসে।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাম যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

হাই কোর্টের রায়ের পর সৈয়দ মামুন মাহবুব বলেন, গত নির্বাচনের আগে আব্দুস সালামের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করলেও হাই কোর্টের আদেশ নিয়ে তিনি নির্বাচন করেন এবং নির্বাচিত হন।

২০০৮ সালের ৪ ডিসেম্বর ময়মনসিংহ জেলা রিটানিং কর্মকর্তা ঋণ খেলাপির অভিযোগে আব্দুস সালামের মনোনয়নপত্র বাতিল করেন। ওই আদেশের বিরুদ্ধে আব্দুস সালাম নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে তা খারিজ হয়ে যায়।

এরপর তিনি রিট আবেদন করলে হাই কোর্ট রিটার্নিং কর্মকর্তা ও ইসির আদেশ স্থগিত করে তার মনোনয়পত্র গ্রহণের নির্দেশ দেয়।

নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আসা যায় কি না- এই প্রশ্নে পরে এই রিট আবেদন দায়ের করা হয়।