২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্ত্রী’কে ফেরাতে হাই কোর্টে এসে ‘স্বামী’ গ্রেপ্তার

‘স্ত্রী’কে ফেরত পেতে করা রিট আবেদনের শুনানিতে এসে হাই কোর্ট থেকে গ্রেপ্তার হলেন ‘স্বামী’ সোহেল রানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 12:21 AM

Updated : 23 Aug 2022, 07:21 PM

স্ত্রীর বাবার করা মামলায় রোববার তাকে পুলিশের হাতে তুলে দেয় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ।

নারী ও শিশু নির্যাতন আইনে ‘স্ত্রী’ শারমিন আক্তারের বাবা শাহাদাত মৃধার করা মামলায় নাটোরের সিংড়ার বাসিন্দা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ অগাস্ট নাটোরের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেটের দেয়া আদেশে শারমিন বর্তমানে তার বাবার জিম্মায় রয়েছেন।

১১ জুলাই নাটোরের আদালতে মেয়েকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে ওই মামলা করেন শাহাদাত।

তবে বিচারিক আদালতে দেয়া জবানবন্দিতে শারমিন জানিয়েছিলেন, সোহেল রানাকে তিনি পছন্দ করতেন। পরে নিজ ইচ্ছায় তাকে বিয়ে করেন।

আদালতে এই জবানবন্দি দিয়ে নিজ জিম্মায় থাকার আবেদন করে শারমিন। তবে তাকে অপ্রাপ্ত বয়স্ক উল্লেখ করে মেয়েকে নিজ জিম্মায় পাওয়ার আবেদন করেন শাহাদাত।

বাবার সরবরাহ করা জন্ম সনদ ও এসএসসি সনদ পর্যালোচনা করে আদালত মেয়েকে অপ্রাপ্ত বয়স্ক হিসাবে চিহ্নিত করে বাবার জিম্মায় দেয়।

‘স্ত্রীকে’ ফেরত পেতে বিচারিক আদালতের এই আদেশ চ্যালেঞ্জ করে আদালতে রিট করে সোহেল রানা। গত ৩০ সেপ্টেম্বর হাই কোর্ট এ বিষয়ে রুলও দেয়।

পরে ওই মেয়ের জন্ম সনদের মূল অনুলিপি এবং এসএসসির মূল সনদ আদালতে উপস্থাপন করতে ওই থানার ওসি আবু হায়দার মো. ফয়জুর রহমানকে নির্দেশ দেয়া হয়।

তিনি ওই আদেশ বাস্তবায়ন না করায় রোববার হাই কোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

তিনি বলেন, ছেলেটি আদালতে কাবিননামা দিয়েছে। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক। তাই তার সেই বিয়ে থাকলেও সেটা অবৈধ। ইতিমধ্যে মেয়েটি ছেলেটিকে তালাকও দিয়ে দিয়েছে।