প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা স্থগিত চান খন্দকার মাহবুব
নির্বাচনের আগে ও নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা স্থগিত করতে সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
রোববার রাজধানীতে কাউন্সিলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
মাহবুব বলেন, “এই চরম সঙ্কটের একমাত্র সমাধান, রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা নির্বাচনকালে স্থগিতের বিধান করে সংবিধান সংশোধন করতে হবে। শুধু মৌখিক আশ্বাসে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”
সেইসঙ্গে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য সমঝোতার ভিত্তিতে আশু ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মাহবুব বলেন, “নির্বাচনকালে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা স্থগিতের দাবির মাধ্যমে আমরা নিরপেক্ষ সরকারের দাবি থেকে সরে আসছি না। তার ক্ষমতা স্থগিত করলে সেটাতো কাউকে না কাউকে দিতে হবে।”
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে সংবিধান সংশোধন করে একদলীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে ক্ষমতাকে চিরস্থায়ী করার স্বপ্ন দেখছে।
“কিন্তু জনরোষে সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ নেই। প্রহসনের নির্বাচন হলে সেটা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে না।”
