গারো পাহাড়ে ওয়ানগালা উৎসব
নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার ওয়ানগালা উৎসব করেছে শেরপুরের সীমান্ত এলাকার গারো জনগোষ্ঠী।
ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর ধর্মপল্লীতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নবান্ন উপলক্ষে প্রতিবছর এ উৎসব পালন করে।
সকাল থেকে সারাদিন তারা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানাদি, প্রার্থনা এবং নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিল।
মরিয়মনগর ধর্মপল্লীর পুরোহিত ফাদার গাব্রিল ফন্স জানান, এক সময় পাহাড়ি এ গারো এলাকায় জুম চাষ হতো এবং বছরে মাত্র একটি ফসল হতো। তখন তারা তাদের শস্য দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করলেও এখন নতুন ফসল কেটে যিশুখ্রিস্ট বা ঈশ্বরকে উৎসর্গ করে, যা ওয়ানগালা হিসেবে পরিচিত।
আয়োজক কমিটির সদস্য আলফন্স চিরান জানান, ওয়ানগালা মূলত আদিবাসী গারোদের উৎসব। কিন্তু তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর ধর্মীয় ও গারো সংস্কৃতির সংমিশ্রনে এ উৎসব পালন করা হয়।
“আমরা এ ওয়ানগালা উৎসবে প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের ফসলের জন্য। তাই ঈশ্বরের কাছে প্রতিবছর আমরা ফসল উৎসর্গ করি,” বলেন তিনি।
