সিলেটে ‘ছাত্রলীগের’ হামলায় ছাত্র ইউনিয়ন নেতা আহত
সিলেটে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মতিউর রহমান ও এমসি কলেজ সভাপতি বিশপা ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার বিকালে নগরীর এমসি কলেজ গেটে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ জেদান জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র ইউনিয়ন অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে এমসি কলেজ গেটে মতিউর ও বিশমার উপর হামলায় চালায় একদল দুর্বৃত্ত। তারা লাটিসোঠা দিয়ে বেধড়ক মারপিট করে মতিউর ও বিশপাকে।
আহত জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মতিউর রহমান অভিযোগ করেন, গত ১৫ সেপ্টেম্বর সিলেটে সিপিবি-বাসদের জনসভায় ‘ছাত্রলীগের’ হামলা ও সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আহত হওয়ার ঘটনার পর অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচিতে সোচ্চার থাকায় বিলুপ্ত জেলা ছাত্রলীগ সভাপতি হিরণ মাহমুদ নিপুর কর্মীরা এ হামলা চালিয়েছে।
পরিকল্পিতভাবে ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালায় বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে হিরণ মাহমুদ নিপুর এ ঘটনায় তার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে বলেন, তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। এ হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।
