সাতক্ষীরায় আ.লীগ নেতা হত্যার দুইদিন পর মামলা
সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আবু রায়হানকে হত্যার দুইদিন পর দেবহাটা থানায় মামলা হয়েছে।
নিহতের মা জাহানআরা খাতুন বাদী হয়ে শনিবার দুপুরে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ, বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তবে দেবহাটা থানার নতুন পরিদর্শক তারেক বিশ্বাস সাংবাদিকদের জানান, অভিযানে ২১ জন গ্রেপ্তার হলেও হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ১৯ জন। বাকিরা ভিন্ন মামলার আসামী।
এদিকে আওয়ামী লীগ নেতা আবু রায়হানের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে দেবহাটা উপজেলার পারুলিয়াস্থ তার বাসভবনের সামনের মহাসড়কে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা।
শনিবার সকালে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত আবু রায়হানের মা, স্ত্রী, ছেলে, চাচা তো ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এদিকে একই দাবিতে সকাল সাড়ে ১০টায় ১৪ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ওই সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসিম ময়না। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুস্তফা লুৎফুল্যাহ, জাসদের সভাপতি কাজী রিয়াজ, বাসদের নিত্যনন্দ সরকারসহ অন্যান্যরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে হত্যা করে আবু রায়হানকে। ওই হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে সন্দেহ করছে পুলিশ প্রশাসন ও স্থানীয় আওয়ামী নেতারা।
