না'গঞ্জে নিখোঁজ স্কুলছাত্র খুন
নারায়ণগঞ্জের মাসদাইর থেকে নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে মুন্সীগঞ্জ সদরের শান্তিনগর গ্রামে সিয়াম আহমেদের (১০) লাশ পাওয়া যয়। পরে স্বজনরা গিয়ে লাশ সনাক্ত করেন।
সিয়াম নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর আদর্শ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র এবং একই এলাকার মোস্তফা মাদবরের ছেলে।
নিহতের বড়ভাই রিফাত সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সিয়াম। খোঁজাখুঁজির পর না পেয়ে সকালে ফতুল্লা মডেল থানায় তারা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এর কিছুক্ষণ পর মুন্সিগঞ্জে একটি শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে গিয়ে সিয়ামকে সনাক্ত করেন তারা।
ফতুল্লা মডেল থানার এসআই সোহেল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিনগর গ্রামের মোল্লাবাড়ি এলাকায় বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করে মুন্সীগঞ্জ পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ ফেলে দেয়া হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
