২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবহাটায় আ. লীগ নেতা খুন: ওসি প্রত্যাহার

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানকে হত্যার ঘটনায় ১৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 09:46 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার রাতভর পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায় উপজেলার কয়েকটি গ্রামে। এরা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে দেবহাটা থানার ওসি কেরামত আলীকে প্রত্যাহার করা হয়েছে।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান শুক্রবার দুপুরে এ প্রত্যাহারের নির্দেশ দেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ওসি কেরামত আলীকে প্রত্যাহার করে তার স্থলে মোফাজ্জল হোসেনকে ওই থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন আমজাদ হোসেন, ফিরোজ আলম, সোহরাব হোসেন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আবদুর রহিম, আবদুল হামিদ, নাজমুল ইসলাম, আবদুল্যাহ আল মামুন, রবিউল ইসলাম, আফসার আলি, নবাব আলি, আলম ও মনিরুজ্জামান।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে আবু রায়হান দেবহাটার পারুলিয়া বাজারের গোলচত্বরে মোমেনা বস্ত্রালয়ের সামনে বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ১০/১২ জন মুখোশধারী সন্ত্রাসী রাম দা নিয়ে শ্লোগান দিতে দিতে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

নিহত রায়হানের স্ত্রী স্কুল শিক্ষিকা শিউলি বেগম সাংবাদিকদের বলেন, জামায়াত-শিবির তার স্বামীকে হত্যার জন্য আগে থেকেই চেষ্টা করছে। রায়হান বার বার পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন।

পুলিশ সময়মতো পদক্ষেপ নিলে তার স্বামীকে এভাবে জীবন দিতে হতো না বলে তিনি মনে করেন।

পুলিশের কেউ কেউ আগে থেকেই এই হত্যার পরিকল্পনার কথা জানতো বলে তিনি অভিযোগ করেন।