টঙ্গীতে হাত-পা বাঁধা দ্বিখণ্ডিত লাশ উদ্ধার
নিখোঁজের দুদিন পর গাজীপুরের টঙ্গীতে হাত-পা বাঁধা এবং ট্রেনে কাটা এক ব্যবসায়ীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বনমালা রেল গেইট এলাকায় আবুল হাসান ওরফে দুদু মিয়ার (৪৫) লাশ পাওয়া যায়।
গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলী এলাকার চাল ব্যবসায়ী দুদু গত বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বলে স্বজনরা জানান।
রেলওয়ের টঙ্গী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ওবায়দুর রহমান বলেন, সকাল ১০টার দিকে রেল লাইনের ওপর থেকে হাত-পা বাঁধা দ্বিখণ্ডিত লাশটি পাওয়া যায়।
পরে খবর পেয়ে তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজনরা জানান, তিনি একজন প্রতিষ্ঠিত চাল ব্যবসায়ী ছিলেন। ঢাকা ও শিমুলতলীতে তার একাধিক চালের দোকান রয়েছে। ব্যবসায়িক বিরোধের জেরে তাকে হত্যার জন্য হাত-প বেঁধে চলন্ত ট্রেনের নিচে ফেলে দেয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
