মুজিবনগরে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শুক্রবার ভোরে এ ঘটনায় আহত আজিজুল ইসলাম (২৮) জয়পুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।
তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
আজিজুলের চাচাতো ভাই আলিম জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মুজিবনগরের কয়েকজন যুবক জয়পুর সীমান্তে গরু আনতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আজিজুলের মুখ, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লাগে।
তাহের ক্লিনিকের ডা. আবু তাহের জানান, সকালে আজিজুলকে ক্লিনিকে আনা হয়। তার মাথার ভেতর গুলি রয়ে গেছে, তাই ঢাকায় পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ ব্যাটেলিয়নের মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
