২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা-বোন-ছেলেকে হত্যা

সিলেটে মা, বোন ও ছেলেসহ চারজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলি জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার নোয়াই দক্ষিণ ভাগ গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

আটক আবদুস সালাম ফুরুক (৩৫) ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

নিহতরা হলেন- সালামের মা শামসুন নাহার (৫৫), বোন নাজমিন বেগম (৩০), ছেলে তানজির আহম্মেদ (৩) ও আত্মীয়া হনুফা বেগম (৮০)।

স্থানীয়রা জানান, সালাম মাদকাসক্ত ছিল। এর আগে একবার তিনি কারাভোগ করেছিলেন।

ওসি ফজলুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে নোয়াই দক্ষিণ ভাগ গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পুলিশ গিয়ে সালামকে আটক করে।

এলাকাবাসী বরাত দিয়ে ওসি জানান, মাদক সেবনের টাকা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে কুপিয়ে কাঠমিস্ত্রির যন্ত্র হিসেবে ব্যবহৃত ধারালো ‘বাইশ’ দিয়ে পরিবারের তিন সদস্যসহ চারজনকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর আগে উদ্ধার করে থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।

সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূইয়া ও পুলিশ সুপার নুরে আলম মিনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।