কুয়েটে ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, আগামী ২৩ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এবছর আবেদনকারী ৭ হাজার ৬২৫ জন ভর্তিচ্ছুদের মধ্য থেকে মোট ৭৮৫ জনকে ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালসহ ক্যাম্পাসের কুয়েট হাই স্কুল, টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ, এইচএসটিটিআই ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মুহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা কুয়েটে ভর্তির জন্য নির্বাচিত হবে।
আসন বিন্যাস ও পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.kuet.ac.bd) পাওয়া যাবে।
