২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপাতত’ শিক্ষক হচ্ছেন সেই কাদের

প্রথম চেষ্টায় পুলিশ হতে না পারলেও হতাশ নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদের, কোনো দোষ না করেও যাকে পুলিশের নির্যাতনের শিকার হতে হয়েছিল।

কামাল তালুকদার

ও শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার ৩৩তম বিসিএসের যে চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে তাতে কাদেরকে সরকারি কলেজে রসায়নের প্রভাষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

ফল ঘোষণার পরপরই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কাদের বলেন, “আমি অনেক খুশি। তবে আসল স্বপ্ন পূরণে আবারো পরীক্ষায় বসব।”

পুলিশি নির্যাতনের শিকার হওয়ার পর আদালতের আদেশে মুক্ত কাদের পুলিশ কর্তা হওয়ারেই সংকল্পের কথা জানিয়েছিলেন।

২০১১ সালের ১৫ জুলাই ডাকাতির পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হন কাদের। খিলগাঁও থানা হেফাজতে থাকা অবস্থায় তার উপর করা হয় অমানুষিক নির্যাতন।

তাকে গ্রেপ্তার ও নির্যাতনের খবরে বিক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানেও তার মুক্তি দাবিতে আন্দোলন হয়।

পরে উচ্চ আদালতের হস্তক্ষেপে মুক্তি মেলে কাদেরের। মিথ্যা প্রমাণিত হয় তার বিরুদ্ধে দায়ের করা পুলিশের সব মামলা।

তাকে গ্রেপ্তার ও নির্যাতনের দায়ে খিলগাঁও থানার ওসি এবং পুলিশের এক এসআইকে বরখাস্ত করা হয়। আদালতের নির্দেশে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলাও করেন কাদের।

ওই সময় জেল থেকে ছাড়া পেয়েই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কাদের বলেন, “আমি পুলিশ হতে চাই। এটা ছোট বেলা থেকেই আমার স্বপ্ন।”

নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে বিসিএসের ফরম পূরণের সময় প্রথম পছন্দের ঘরেই কাদের লিখেছিলেন, “বিসিএস পুলিশ।”

তবে পুলিশের নির্যাতনসহ বিভিন্ন জটিলতার কারণে ৩৩তম বিসিএসের প্রস্তুতি খুব ভালো করে নেয়া হয়নি বলে জানান কাদের।

“বুঝেনই তো অনেক পড়াশোনার দরকার। শারীরিক অবস্থা খুব ভালো ছিল না।”

এখন বয়স ২৭ বছর চলছে জানিয়ে মুক্তিযোদ্ধার সন্তান কাদের বলেন, “আরো পাঁচ বছর সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিতে পারবো। আবারো বিসিএস পরীক্ষা দেব।”

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সরকারি চাকরিতে অংশ নেয়ার বয়স ৩০ বছর নির্ধারণ থাকলেও মুক্তিযোদ্ধার সন্তানরা ৩২ বছর পর্যন্ত এই সুযোগ পান।

প্রথম বিসিএসেই স্বপ্ন পূরণ না হলেও শিক্ষকতায় যোগ দিয়ে সেখান থেকেই সামনের দিকে এগিয়ে যেতে চান কাদের।

“আমি খুশি। চাকরিতে যোগ দেব। চাকরি যে খুব দরকার,” বলেন তিনি।

পুলিশ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করবেন জানিয়ে তিনি বলেন, “এবার আরো ভালো প্রস্তুতি নেব। আমার সেই স্বপ্ন পূরণ করতে চাই।”

জীবনের প্রথম চাকরির পরীক্ষায় ছেলে সফল হওয়ায় খুশি কাদেরের মা-বাবা।

উচ্ছ্বাস ভরা কণ্ঠে মা মনোয়ারা বেগম বলেন, “আমি আর ওর বাবা (আব্দুর রউফ) খুবই খুশি। পুলিশ হতে পারলে আরো ভালো লাগতো।”

তিনি জানান, আগামী ১২ জানুয়ারি ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কাদেরের মামলার শুনানি দিন রয়েছে।

“কাদেরের জন্য দোয়া করবেন,” বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে কুমিল্লার বুড়িচংয়ে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে আছেন কাদের। তবে পড়াশুনাসহ চাকরির প্রয়োজনে মাঝেমধ্যে ঢাকায় আসতে হয় তাকে।

পুরনো খবর:

পুলিশকর্তা  হতে আরেক ধাপ এগোলেন কাদের
৩৩তম বিসিএস: নিয়োগ পাচ্ছে ৮৫২৯ জন