২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ১

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে  এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 01:54 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

এ সময় এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে নগরীর বাকলিয়া থানার চাক্তাই আমিন হাজী রোডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত গোলাম মোস্তফা (৬০) আমিন হাজী রোডে একটি ভবনের তত্ত্বাবধায়ক ছিলেন।  

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন  বলেন, সকালে আসাদগঞ্জ এলাকায় কয়েকজন যুবক ছিনতাই করে পালানোর সময় বাকলিয়া থানার চাক্তাই আমিন হাজী রোডে দুই ছিনতাইকারীকে ধরে ফেলেন গোলাম মোস্তফা।

এসময় তারা মোস্তফার পেটের দুই পাশে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় এলাকাবাসী এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

আহত ছিনতাইকারী জিজ্ঞাসাবাদে তার  নাম শওকত (২৮) বলেছে বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির  এসআই জহিরুল জানিয়েছেন।

এ বিষয়ে ওসি মহসিন বলেন,  “আহত ছিনতাইকারী পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার পকেটের মানিব্যাগ থেকে তার নাম হাসান উদ্দিন বলে জানা গেছে।”