২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না দেয়ায় দোকানে ঢুকে মালিককে গুলি

চাঁদা না দেয়ায় রাজধানীর মগবাজারে এক ব্যবসায়ীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

পুলিশের রমনা বিভাগের ‍উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মগবাজার মোড়ে ‘চিত্রাঙ্গন ফাস্ট ফুড’ নামে একটি দোকানে ঢুকে মালিক মাসুদ বিল্লাহ জয়কে (৪০) গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসী।

জয় শাহজাহানপুর আমতলী মসজিদ এলাকার বাসিন্দা। তার বুকের ডান পাশে গুলি লেগেছে বলে জানান পুলিশের উপ-কমিশনার।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয় সকালে নিজের দোকানে বসেছিলেন। হঠাৎ এক সন্ত্রাসী দোকানের ভিতরে ঢুকে জয়কে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয় এখন আশঙ্কামুক্ত। তার আঘাত ততোটা গুরুতর নয়।

হাসপাতালের শয্যায় শুয়ে জয় সাংবাদিকদের বলেন, “রবিন নামে এক সন্ত্রাসী মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।”

“গুলি করার সময়ও হামলাকারী বলছিল, তুই রবিনকে টাকা দেস না কেন?”

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের উপ-কমিশনার জানিয়েছেন।