২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে জনসংহতি সমিতির দুই নেতাসহ নিহত ৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা নেতৃত্বাধীন) দুই নেতাসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 11:03 AM

Updated : 25 Apr 2022, 07:33 PM

নিহতরা হলেন- জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি শশাঙ্ক মিত্র চাকমা ওরফে প্রীতিশ (৫৮), সাংগঠনিক সম্পাদক  নন্দ কুমার চাকমা (৪২) এবং স্থানীয় যুধিষ্ঠির চাকমা (৩৬)।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিছক মূখ এলাকায় এ ঘটনা ঘটে বলে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান হাবিব জানান।

তিনি বলেন,  নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়,  শশাঙ্ক মিত্র চাকমা ও নন্দ কুমার চাকমা সকাল ৭টার দিকে শিছক মুখ ইউনিয়নের শিছক কলেজের পাশে  একটি চায়ের দোকানে পরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলতে যান। এ সময় একদল  সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। গুলিতে শশাঙ্ক, নন্দ কুমার ও যুধিষ্ঠির ঘটনাস্থলে নিহত হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ ও সংস্কারপন্থী জনসংহতি সমিতিকে দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা বলেন, “এই দুটি সংগঠন আলাদা নাম হলেও এক সাথে সন্ত্রাসী কার্যক্রম  করে থাকে। শিছক মুখ এলাকায় ইউপিডিএফ ও সংস্কারপন্থী জনসংহতি সমিতির উপস্থিতি ও সন্ত্রাসী কার্যক্রম রয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বলেন, “প্রতিপক্ষ হিসেবে ইউপিডএিফকে এ ঘটনায় দোষারোপ করা ঠিক নয়। ওই এলাকায় আরও অনেক অস্ত্রধারী সংগঠন রয়েছে। তারা এ ঘটনা ঘটিয়ে সুযোগ নিতে পারে।”

আবার জনসংহতি সমিতির  অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি।

পাহাড়ে অস্থিরতা নিরসনে ইউপিডিএফের পক্ষ থেকে ঐক্যের ডাক দেয়া হলেও সন্তু লারমা তাতে সাড়া দিচ্ছেন না বলেও দাবি করেন মাইকেল চাকমা।