২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের জন্মদিনে ৪৯ পাউন্ডের কেক কাটলেন খালেদা

৪৯ পাউন্ড ওজনের একটি কেক কেটে ছেলে তারেক রহমানের ৪৯তম জন্মবার্ষিকী উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 12:16 AM

Updated : 23 Aug 2022, 07:19 PM

ছেলের অনুপস্থিতিতে বুধবার গুলশানের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কেকটি কাটেন বিরোধীদলীয় নেতা।  

কাটার পর কেকটি চেয়ারপারসনের নির্দেশে তেজগাঁও রহমাতিয়া আলম এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পাঠানো হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেকের জন্ম ১৯৬৫ সালে বগুড়ায়। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক বেশ কয়েকটি মামলা মাথায় নিয়ে বর্তমানে লন্ডনে রয়েছেন।

কর্মীদের চোখে বিএনপির ভবিষ্যৎ কর্ণধার তারেকের ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, জাসাসসহ কয়েকটি সংগঠন কেক কাটে।

এছাড়া সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন করেন।

গুলশানের কার্যালয়ে কেক কাটার সময় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন,  সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান।

সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহার ওমর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উকিল আবদুস সাত্তার, ইনাম আহমেদ চৌধুরী, ওসমান ফারুক, অধ্যাপক এম এ মান্নান, আবদুল মান্নান, আবদুল হালিম, সাবিহ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খানও সেখানে উপস্থিত ছিলেন।

নূরে আরা সাফা, শিরিন সুলতানা, শাম্মী আখতার, শরীফুল আলমসহ সহযোগী সংগঠনের নেতারাও ছিলেন সেখানে।