বিএনপির ২৯ মুলতবি প্রস্তাব নাকচ
চলতি অধিবেশনে বিরোধী দল বিএনপির ২৯টি মুলতবি প্রস্তাব নাকচ করে দেয়া হয়েছে।
বুধবার নবম সংসদের শেষ অধিবেশনের শেষ কার্যদিবসের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, বিরোধী দলের তিন সাংসদের দেয়া নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে।
“২৯টি নোটিস পাওয়া গেছে। কার্যপ্রণালী বিধির অন্যান্য ধারায় বিষয়গুলো নিষ্পত্তি করা যেত, এগুলো মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা গেল না বলে দুঃখিত।”
মাহবুবউদ্দিন খোকন ৯টি, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ১৯টি ও রেহেনা আক্তার রানু ২টি নোটিস দিয়েছিলেন।
বিরোধী দলের সংসদ সদস্যদের অনুপস্থিতিতে বিকালে স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এরপরই বিরোধী দলের নোটিসগুলো নাকচ করেন স্পিকার।
জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৬২ বিধিতে মুলতবি প্রস্তাবের বিষয়ে বলা রয়েছে। জরুরি ও জনগুরুত্বপুর্ণ বিবেচনায় সংসদের যে কোনো সদস্য দিনের অন্য কাজ মুলতবি রেখে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার প্রস্তাব রাখতে পারেন।
তবে মুলতবি প্রস্তাব গ্রহণের এখতিয়ার স্পিকারের। সংসদীয় রীতি অনুযায়ী এক্ষেত্রে সংসদ নেতার সম্মতিও গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনপ্রবর্তনের পর প্রায় ১১ হাজার মুলতবি প্রস্তাবের মধ্যে গ্রহণ হয়েছে মাত্র চারটি। আর এর সবগুলোই পঞ্চম সংসদে।
সর্বশেষ ৯৩ সালের ২০ সেপ্টেম্বর রফিকুল ইসলামের (যশোর-২) মুলতবি প্রস্তাব প্রগণ করা হয়।
গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রশিবিরের সশস্ত্র হামলায় ১ জন নিহত ও দু’শতাধিক আহত হওয়া নিয়ে ওই মুলতবি প্রস্তাব দিয়েছিলেন তিনি।
