২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের রায়ের কপি পেলে দুদকের সিদ্ধান্ত

মুদ্রাপাচার মামলায় তারেক রহমানের খালাসের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে তারপর উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার কমিশন কার্যালয়ে মাসিক ব্রিফিংয়ে দুদক সচিব ফয়জুর রহামন চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমরা আশা করি, খুব দ্রুতই আদালত থেকে রায়ের পূর্ণাঙ্গ কপি আমাদের হাতে আসবে। এরপর উচ্চ আদালতে আপিলের সিদ্ধন্ত নেব।”

ঘুষ হিসেবে আদায় করা ২০ কোটি টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে দুদকের এই মামলার রায় ঘোষণা করা হয় গত রোববার।

রায়ে বিএনপি চেয়ারপার্সনের ছেলে তারেক রহমানকে বেকসুর খালাস দিলেও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়।

২০০৯ সালে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় দায়ের এ মামলায় অভিযোগ, তারেক ও মামুন পরস্পর যোগসাজশে টঙ্গিতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কন্সট্রাকশনস নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে পাইয়ে দেয়ার বিনিময়ে প্রতিষ্ঠানমালিক খাদিজা ইসলামের কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা ঘুষ হিসেবে আদায় করেন।

২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে ওই অর্থ সিঙ্গাপুরের সিটি ব্যাংকে পাচার করেন মামুন, যার মধ্যে ৩ কোটি ৭৮ লাখ টাকা তারেক খরচ করেন বলে অভিযোগে বলা হয়।

৩৭ পৃষ্ঠার রায়ে বিচারক বলেন, ওই টাকা খরচ করার কথা তারেক অস্বীকার করেননি। ২০০৭ সালে দুদকের দাখিল করা হিসাব বিবরনীতে তার উল্লেখ রয়েছে।   

এ প্রসঙ্গে দুদক সচিব বলেন, “রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে পারছি না। অভিযোগপত্রে দুর্বলতা থাকতে পারে। রায় পর্যালোচনা করেই তা জানা যাবে।”

পুরনো খবর:

তারেক খালাস, মামুনের ৭ বছর