চবির ক ও এফ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদ ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বুধবার সকালে একইসঙ্গে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ‘এফ’ ইউনিটেরও ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক ইউনিটে ভর্তি পরীক্ষায় দুই হাজার ৪২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আগামী ৭, ৮ ও ৯ ডিসেম্বর তাদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।
এ বছর ভর্তি পরীক্ষার জন্য ১৪ হাজার ৪২২ আবেদন করলেও অংশ নেয় ১০ হাজার ৯৮২ জন শিক্ষার্থী।
ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান বলেন, পরীক্ষায় দুই হাজার ৫৪২ জন অংশ গ্রহণ করে। এর মধ্যে ৭২৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
আগামী ১ ডিসেম্বর তাদের মৌখিক পরীক্ষা হবে।
মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে ইনস্টিটিউটের ৮৯টি আসনে ভর্তি করা হবে বলেও তিনি জানান।
ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ছাড়াও ওয়েবসাইট www.cu.ac.bd এবং টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাবে।
