গাজীপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলায় একটি ডোবা থেকে স্থানীয় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার এসআই মুক্তি মাহমুদ জানান, বুধবার সকাল ৮টার দিকে টেকনগপাড়া এলাকায় বাইতুল রাহা জামে মসজিদের পাশের ডোবা থেকে শরিফুল ইসলামের (২৫) লাশটি উদ্ধার করা হয়।
নিহত শরিফুল টেকনগপাড়ার প্রয়াত আহাম্মদ আলী মণ্ডলের ছেলে। তিনি রড-সিমেন্টের ব্যবসা করতেন।
নিহতের গলায় দড়ি পেঁচানো ছিল জানিয়ে এসআই বলেন, “দুর্বৃত্তরা তার গলায় দড়ি বেধে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ডোবায় ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
শরিফুলের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন শরিফুল। এরপর আর ফিরে আসেননি তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
