২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ফের বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি আট হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে চলমান অসন্তোষের ধারাবাহিকতায় বুধবারও বিক্ষোভ করলে আশুলিয়ায় প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 11:31 AM

Updated : 23 Aug 2022, 07:19 PM

সকালে আশুয়িার শিমূলতলা, জামগড়া, নরসিংহপুর ও জিরাব এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা সকালে কারখানায় এসে কাজে দেয়ার কিছুক্ষণ পর জামগড়া, শিমূলতলা, নরসিংহপুর ও জিরাব এলাকার অন্তত ২০টি কারখানার  ভিতরে বিক্ষোভ শুরু করে।

“পরে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত একের পর এক কারখানা থেকে বেরিয়ে আসে তারা। বিক্ষুব্ধ শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা না করেই যে যার মতো চলে যায়,” বলেন তিনি।

এছাড়া ওই এলাকার অন্যান্য কারখানায় স্বাভাবিকভাবে কাজ চলছে বলে জানান পুলিশের পরিদর্শক।

যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। এলাকাজুড়ে রয়েছে পুলিশি টহল।

সরকার গঠিত মজুরি বোর্ড সম্প্রতি তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে। প্রথমে মালিকপক্ষ তাতে আপত্তি জানালেও পরে মেনে নেয়।

তারপরেও ন্যূনতম মজুরি আট হাজার টাকার দাবিতে গত কয়েক দিন ধরে সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে প্রায়ই।