পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ ৭
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে সাত জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে ইকড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনার পর পুলিশ ১৬ রাউন্ড তাজা গুলিসহ লাইসেন্স করা একটি শটগান উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল আরাফাত (৪৬) ও মো. কাদিম (৩২) নামে দুই ভাইকে আটক করা হয়।
আহতরা হলেন- স্বপন তালুকদার (২৪), ফিরোজ চৌকিদার (৩৮), আবুল বাসার (৩০), বাবুল খান(২০), জুয়েল তালুকদার (২০) ,কামরুল (২৮) ও সোহাগ আকন (২৬) ।
গুরুতর আহত চার জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে মঠবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, বাসস্ট্যান্ড সংলগ্ন সাত শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবৎ ইকরি ইউনিয়নের চেয়ারম্যান তানভীর হোসেন বাবু তালুকদার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ইসমাইল হোসেন আরাফাতের মধ্যে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন বাবু চেয়ারম্যান ওই জমিতে গেলে আরাফাত তাকে লক্ষ্য করে গুলি চালালেও গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।
চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা ঘটনাস্থলে আসলে তাদেরকে লক্ষ্য করেও আরাফাত এলোপাতারি গুলি ছোড়ে। তে চেয়ারম্যানের সঙ্গে থাকা সাত জন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
