ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ বিল সংসদে
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজকে স্কলারশিপ ও ফেলোশিপ দেয়ার ক্ষমতা দিতে ১৯৮৪ সালের অধ্যাদেশ বাতিল করে নতুন আইনের প্রস্তাব তোলা হয়েছে সংসদে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মঙ্গলবার ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ বিল-২০১৩’ সংসদে উত্থাপন করেন।
বিলটি একদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামরিক শাসনামলে নেওয়া বিভিন্ন অধ্যাদেশ পরিবর্তন ও বাতিলের কাজ শুরু করে। এরই আওতায় ১৯৮৪ সালের ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ অধ্যাদেশ’ বাতিল করে নতুন আইনের প্রস্তাব করা হলো।
খসড়ায় বলা হয়েছে, এই ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও মহাপরিচালককে নিয়েঅগ দেবে সরকার। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সহকারী নৌবাহিনী প্রধান, সহকারী বিমান বাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর একাধিক সচিব এই বোর্ডের সদস্য হবেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রী সংসদকে বলেন, “বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের ধারাবাহিকতা রক্ষা এবং এ সংক্রান্ত অধ্যাদেশের ত্রুটি-বিচ্যুতি, অস্পষ্টতা বা ঘাটতি দূর করতেই বিলটি উত্থাপন করা হয়েছে।”
