২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপু বারডেমে

রিমান্ড চলাকালে ‘অসুস্থ হয়ে পড়া’ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপুকে ঢাকা মেডিকেল থেকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 07:51 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার সকাল ১১টায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ভর্তি করা হয় বারডেমে।

মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উন্নত চিকিৎসার জন্য সপুকে বারডেম হাসপাতালে নেয়া হয়েছে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম জানান, সপু বুকে ব্যথা অনুভব করার কথা জানিয়েছিলেন। এ কারণে তাকে সকালে করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। 

সহকারী কমিশনার ইউসুফ জানান, সপুর রিমান্ড বুধবার শেষ হওয়ার কথা। কিন্তু সকালে অসুস্থতার কথা বলায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে সপু ও দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।  

পরদিন তাদের রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

গত ২ মার্চ শান্তিনগর ও মগবাজারসহ আশপাশের এলাকায় পুলিশের ওপর হামলা ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে দায়ের এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরও আসামি।

সপু ও বাবুকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার দেশের সব মহানগর, জেলা ও থানায় বিক্ষোভ করে বিএনপির এই সহযোগী সংগঠনটি।

রিমান্ডে সপুকে ‘নির্যাতন’ করা হচ্ছে- এমন অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার উন্নত চিকিৎসার জন্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে ভাল হাসপাতালে স্থানান্তর করার দাবি জানান।

পুরনো খবর:

রিমান্ডে ‘অসুস্থ’ সপু হাসপাতালে
সপু-বাবু রিমান্ডে