অসচ্ছলরা আইনি সহায়তা পাবে সরকারের
আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানকে আরো কার্যকর, গতিশীল ও সেবাবান্ধব করতে সংসদে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।
২০০০ সালে প্রণীত এ সংক্রান্ত আইনে সংশোধনীর প্রস্তাব এনে ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল-২০১৩’ মঙ্গলবার জাতীয় সংসদে পাসের প্রস্তাব করেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।
এর আগে গত ১০ নভেম্বর সংসদে বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী। এরপর এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এই বিল পাস হওয়ার ফলে অসচ্ছল বিচারপ্রার্থীদের আবেদন বিবেচনা করে আইনগত সহায়তা দেয়ার জন্য বিলে ‘সুপ্রিম কোর্ট কমিটি’ গঠন করা হবে। প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্টের একজন বিচারক কমিটির চেয়ারম্যান হিসাবে থাকবেন।
কমিটিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, মানবাধিকার ও সমাজকল্যাণ কার্যক্রম পরিচালনাকারী দুইজন জ্যেষ্ঠ আইনজীবীকেও রাখা হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শফিক আহমেদ বলেন, “সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে আরো কার্যকর, গতিশীল ও সেবাবান্ধব করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট কমিটি গঠন, শ্রম আদালতসহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের জন্য গঠিত চৌকি আদালতে বিশেষ কমিটি গঠন, পার্বত্য চট্টগ্রাম ও সিটি কর্পোরেশন এলাকার সংশ্লিষ্ট জেলা কমিটিতে জন প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা, লিগ্যাল এইড অফিসারদের পদ আইনে অন্তর্ভুক্তি এবং বিকল্পবিরোধ নিষ্পত্তিতে লিগ্যাল এইড অফিসারের কার্যকর ভূমিকা পালনসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করার লক্ষ্যে আইন সংশোধন করা প্রয়োজন।”
