২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সেতুর পরামর্শক নিয়োগে চুক্তি

কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণে পরামর্শক নিয়োগের চুক্তি করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 12:20 AM

Updated : 25 Apr 2022, 07:33 PM

সোমবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে আটটি কোম্পানির সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সরকারের পক্ষে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর এবং নির্মাণ কোম্পানিগুলোর পক্ষে জাপানের ওরিয়েন্টাল কনসালট্যান্টস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক সুনঝি জুসিহারা চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এবং এই তিনটি সেতু নির্মাণে অর্থায়নকারী সংস্থা জাইকার বাংলাদেশ প্রধান তাকাও তোদা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের এই সেতুগুলো নির্মাণে অর্থায়ন করায় জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিশ্ব ব্যাংক যখন মুখ ফিরিয়ে নিয়েছে, জাইকা তখন বন্ধুর মত আমাদের পাশে দাঁড়িয়েছে।”

স্টিল পাইপ শিট ফাউন্ডেশন ও স্টিল ন্যারো বক্স গার্ডার প্রযুক্তি ব্যবহার করায় সেতুগুলো নির্মাণে ২৫ শতাংশ সময় কম লাগবে। একইসঙ্গে পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যয় কম হবে ২০ শতাংশ। 

চুক্তি অনুযায়ী পরামর্শক প্রতিষ্ঠান শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতি নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ এবং বর্তমান সেতুর সংস্কারের জন্য জরিপ, তদন্ত, নকশা প্রনয়ন এবং নির্মাণকালীণ সময়ে তদারকি করবে। 

এই পরামর্শক সেবা বাবদ খরচ হবে ৩৫৯ কোটি ১৯ হাজার ৫৯ টাকা। এর ১৮৭ কোটি ২০ লাখ ১৫ হাজার ২৪৭ টাকা দিবে জাইকা। আর ৭১ কোটি ৮০ লাখ ৩ হাজার ৮১২ টাকা দিবে সরকার।

ঢাকা-চট্টগ্রাম চার লেইন সড়ক নির্মাণের কাজ চলছে। এই সেতু ও সড়ক নির্মাণ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমবে এবং যাতায়াত সময় ৪ ঘণ্টায় নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

এই তিনটি সেতু নির্মাণে ৮ হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এরমধ্যে জাইকা দেবে ৬ হাজার ৪২৯ কোটি টাকা আর বাকি ২ হাজার ৫৭ কোটি টাকা সরকার দেবে।

২০২১ সালের অক্টোবরে সেতু তিনটির নির্মাণ কাজ শেষ হবে বলে প্রকল্প পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। 

দেশী-বিদেশি মোট আটটি প্রতিষ্ঠান সেতুগুলো নির্মাণ করবে। এরমধ্যে জাপানের ৪টি, অস্ট্রেলিয়ার ১টি ও বাংলাদেশের ৩টি।