২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার বঙ্গভবনে যাচ্ছে ইসি

দশম সংসদ নির্বাচনের প্রস্তুতি তুলে ধরতে নির্বাচন কমিশনার ও ইসি সচিবকে নিয়ে বঙ্গভবনে যাবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 07:20 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার  নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “বঙ্গভবনের সঙ্গে টেলিফোনে আমাদের যোগাযোগ হয়েছে। রাষ্ট্রপতি সাক্ষাতের সময় দিয়েছেন। সাক্ষাতে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ও অন্যান্য বিষয় অবহিত করব।”

মঙ্গলবার বিকাল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় দেয়ার তথ্য জানিয়ে ইসি সচিবালয়কে রোববার চিঠি দিয়েছে বঙ্গভবন।

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দেয় ইসি।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই তফসিল ঘোষণা করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, “তফসিল ঘোষণা নিয়ে এখনো কোনো কমিশন বৈঠক করেনি। একজন নির্বাচন কমিশনার দেশের বাইরে আছেন। তিনি ফিরলেই কমিশন বৈঠক করে তফসিল নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

সংবিধানের নিয়ম অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।