২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কাউন্সিলরের বাড়ি থেকে আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার

মুন্সীগঞ্জের পাঁচঘরিয়াকান্দিতে এক ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি থেকে দুই ব্যাবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 09:40 AM

Updated : 23 Aug 2022, 07:18 PM

মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার দিকে শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ব্যাপারীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এরা হলেন- মো. বাপ্পী ও মো. ইব্রাহীম। তাদের সদর মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।       

তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। শনিবার মধ্যরাত পর্যন্ত কোনো মামলাও হয়নি।  

আহত বাপ্পীর অভিযোগ, গত শুক্রবার রাতে পৌর কাউন্সিলর জাকির নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাদের মারধর করে বাড়িতে আটকে রাখে।

বাপ্পি সদর হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ও ইব্রাহীম মুন্সীরহাট বাজারে বস্তা বিক্রি করে ঢাকার বাড্ডায় ফিরছিলেন। পথে জাকির তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আটকে রাখে।  

ওই ঘটনা সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে না পারলেও ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ তারা জাকিরের বাসা থেকে দুই ব্যবসায়ীকে ‘আহত অবস্থায়’ উদ্ধার করেন।