জামালপুরে সিএনজি উল্টে এনজিওকর্মীর মৃত্যু
জামালপুরের মেলান্দহে সিএনজিচালিত অটোরিকশা উল্টে একজন এনজিওকর্মী নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শনিবার বিকালে উপজেলার শ্যামপুরে এ দুঘর্টনায় নিহত কোহিনুর বেগম (৩০) ব্র্যাকের ইসলামপুর উপজেলা শাখার কর্মী।
এ ঘটনায় আহত লাইলী বেগম (২২), হুমায়ুন কবীর (২৩) ও ইব্রাহিম হোসেনকে (২০) মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হতাহতদের সবার বাড়ি ইসলামপুরে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামালপুর থেকে ইসলামপুরগামী অটোরিকশাটির সামনে দিয়ে এক শিশু দৌড় দিলে চালক শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে যানটির নিয়ন্ত্রণ হারান।
এ সময় অটোরিকশাটি উল্টে পাশের বিদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই কোহিনুরের মৃত্যু হয়। তবে শিশুটির কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।
