২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 09:08 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত হন বিলকিছ বেগম (৩০)।

বিলকিছ এ উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পূর্বপাড়া গ্রামের দিলশাদ হোসেন সরকারের স্ত্রী। কালব নামের একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় বাসায় ফেরার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বিলকিছকে বহনকারী রিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকাবাসীর অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।

এদিকে দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে।