মীর কাসেমের রিভিউ আবেদন খারিজ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনালের দেয়া আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হয়েছে।
একই সঙ্গে আগামী ১৭ নভেম্বর সুচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশও দেন বিচারক।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এসব আদেশ দেয়।
আদেশে বলা হয়, মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ রিভিউ করার আবেদনটি বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ শুনানি ছাড়াই (চেম্বার অর্ডার) খারিজ করেন।
গত ২৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-১ এ আবেদনটি করেন মীর কাসেম আলীর আইনজীবী ব্যারিস্টার তানভির আল-আমিন।
গত ৩০ সেপ্টেম্বর মীর কাশেম আলীর মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়। ৭ নভেম্বর এই মামলার সুচনা বক্তব্য উপস্থাপনের কথা ছিল।
ফাইল ছবি
পরে পুনর্বিবেচনার আবেদনের বিষয়টি নিষ্পত্তির জন্য তা ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তরের আদেশ দেয়া হয়। গত ৫ সেপ্টেম্বর মীর কাসেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ১৬ মে মীর কাসেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। তার বিরুদ্ধে তোলা ১৪টি অভিযোগের অন্যতম হলো আটজনকে নির্যাতনের পর হত্যা, লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন।
জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মীর কাসেম জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। তিনি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং রাবেতা আল ইসলামী নামে একটি এনজিও’র সাবেক আবাসিক প্রতিনিধি।
জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনেরও চেয়ারম্যান তিনি। ওই প্রতিষ্ঠানেরই সংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন।
প্রসিকিউশন বলছে, মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাসেমকে একাত্তরে চট্টগ্রামের মানুষ চিনতো মিন্টু নামে। কলেজছাত্র থাকাকালে সেখানেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন।
পরে তিনি জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম জেলার সভাপতি হন এবং সংগঠনটির পূর্ব পাকিস্তান শাখার সাধারণ সম্পাদকও হন।
মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্বে আলবদর সদস্য ও রাজাকাররা চট্টগ্রামের আন্দরকিল্লার ডালিম হোটেল, আসাদগঞ্জের চামড়ার গুদাম ও পাঁচলাইশের সালমা মঞ্জিলে নির্যাতনকেন্দ্র গড়ে তোলে।
১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রসংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশে রাজনীতি শুরু করলে মীর কাসেম তার প্রতিষ্ঠাতা সভাপতি হন।
