২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকু ২০ দিনের রিমান্ডে

হাতবোমা বিস্ফোরণ এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগের ছয় মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিন হেফাজতে রাখবে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 07:25 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক বৃহস্পতিবার আসামি পক্ষের জামিন আবেদন নাকচ করে জিজ্ঞাসাবাদের এই অনুমতি পুলিশকে দেন।

কারাবন্দি টুকুকে এদিন আদালতে হাজির করে শাহবাগ ও রমনা থানার এই ছয়টি মামলায় ৫৪ দিন রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ, তবে সময় ৩৪ দিন কম পেয়েছে।

জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, টুকুর পরিকল্পনায় অপরাধীরা পুলিশের ওপর আক্রমণ, পুলিশের কর্তব্যকাজে বাধা, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এই অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তাকে রিমান্ডে নেয়া প্রয়োজন।

রিমান্ডের আবেদনের বিরোধিতা করে টুকুর জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ।

তিনি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানির জন্য টুকুকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

টুকুকে গত ২১ অক্টোবর নয়া পল্টনে খালেদা জিয়ার গাড়ি বহর থেকে আটক করা হয়। পরদিন তাকে ছয় দিন রিমান্ডে নিলেও অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে পাঠায় পুলিশ।