রেলে নাশকতা: জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডারে রেল লাইন উপড়ে ফেলার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাসান আব্দুল মালেক, বিএনপির কর্মী সুরুজ ও সামিউল।
কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, এদের আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
“এ নাশকতায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
গত মঙ্গলবার গভীর রাতে বুড়িমারী-লালমনিরহাট রেলরুটের তুষভাণ্ডার এলাকায় ১২৬ ফুট লাইন উপড়ে ফেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি উল্টে যায়।
এ নাশকতার অভিযোগে বুধবার রাতে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ মামলা করে।
লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশের ওসি শামসুল আলম শাহ জানান, এ মামলার বাদি লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ।
রেল লাইন উপড়ে ফেলায় বৃগস্পতিবারও বুড়িমারী-লালমনিরহাট রেলরুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমান আশা করছেন বৃহস্পতিবার রাতের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হতে পারে।
