বান্দরবানে পুলিশের গুলিতে যুবক আহত, উত্তেজনা
বান্দরবানে পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে শহরের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। আহত আজাদ হোসেনকে (৩০) বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, ট্রাফিক মোড়ে মোটরসাইকেলের লাইসেন্স পরীক্ষা করতে পুলিশের মোবাইল টিম আজাদকে থামার নির্দেশ দেয়। কিন্তু আজাদ তা উপেক্ষা করে সামনে এগোনোর চেষ্টা করলে কনস্টেবল প্রণয় চাকমা শটগানের গুলি ছোড়ে।
আজাদের বুকের বাম দিকে গুলি লাগলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
ওসি ইমতিয়াজ বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সহকারী পুলিশ সুপার মো. শিবলী কায়ছারকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি দোকানে আটকে লাঞ্ছিত করে বিক্ষুব্ধরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল পাহাড়ি-বাঙালি উত্তেজনা সৃষ্টির চেষ্টা করায় পাহাড়িদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কনস্টেবল প্রণয় চাকমাকে প্রত্যাহার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. মজিবর রহমান মাইকিং করে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন।
আজাদ আশঙ্কামুক্ত বলে বান্দরবানের সিভিল সার্জন মংতেঝ জানিয়েছেন।
