কায়সারের অভিযোগ গঠনের শুনানি ২৭ নভেম্বর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ২৭ নভেম্বর।
নয় ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ আমলে নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার এই তারিখ ঠিক করে দেয়।
আদেশের জন্য আসামি সৈয়দ কায়সারকে সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউটর জেয়াদ আল মালুম, রানাদাস গুপ্ত ও হায়দার আলী এ সময় উপস্থিত ছিলেন।
প্রসিকিউশন গত ১০ নভেম্বর কায়সারের বিরুদ্ধে যে অভিযোগপত্র জমা দেয় তাতে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের মতো ১৮টি ঘটনা রয়েছে।
এর আগে এ মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম গত ২৩ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রসিকিউশনের আবেদনে গত ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশের পর ওই রাতেই গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
২১ মে কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হলেও গত ৪ অগাস্ট কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।
তদন্ত সংস্থা জানায়, গত বছরের ২৮ মার্চ কায়সারের বিরুদ্ধে তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম। ৮১ জনের জবানবন্দি শুনে এ বছর ২১ সেপ্টেম্বর তদন্ত শেষ করেন তিনি।
সৈয়দ কায়সারের বাবা সৈয়দ সঈদউদ্দিন ১৯৬২ সালে সিলেট-৭ আসন থেকে কনভেনশন মুসলিম লীগের এমএলএ নির্বাচিত হন। সৈয়দ কায়সার ১৯৭০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, সৈয়দ কায়সার পাকিস্তানি সেনাবাহিনীকে পথ দেখিয়ে বিভিন্ন গ্রামে নিয়ে স্বাধীনতার পক্ষের লোক এবং হিন্দু সম্প্রদায়ের ওপর দমনাভিযান চালাতেন। পরে স্বাধীনতার ঠিক আগে তিনি আত্মগোপন করেন।
১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ১৯৭৮ সালে আবারো রাজনীতিতে সক্রিয় হন কায়সার। ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে সিলেট-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সাংসদ নির্বাচিত হন।
পরে জিয়াউর রহমানের সময়ে কায়সার বিএনপিতে যাগ দেন এবং হবিগঞ্জ বিএনপির সভাপতি হন।
এরশাদের সময়ে তিনি যোগ দেন জাতীয় পার্টিতে। ১৯৮৮ সালে হবিগঞ্জ-৪ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন।
