পাবনায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতার জামিন নাকচ করে রিমান্ডে পাঠানোর প্রতিবাদে শনিবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৫ নেতার জামিন নামঞ্জুর করে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ খবর পেয়ে জেলা বিএনপি তাৎক্ষণিক এক জরুরি সভা করে এ কর্মসূচির ঘোষণা করেছে।
পরদিন আদালতে হাজির করে গত ৫ নভেম্বর হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বর মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
ওই দিন পাঁচ আসামিকে দুই মামলায় ১০ দিন করে ২০ দিন পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। কিন্তু মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানির দিন রাখে আদালত।
