রাজধানীতে দোকান কর্মচারী খুন
রাজধানীর দক্ষিণখানে এক দোকান কর্মচারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত দেলোয়ার হোসেন (২০) দক্ষিণখান এলাকার ‘আরএ বিজনেস সেন্টারের’ কর্মচারী। সুনামগঞ্জের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার চার বছর ধরে ওই দোকানে কাজ করতো বলে দোকান মালিক জহিরুল ইসলাম জানান।
জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা দেলোয়ারের মাথায় আঘাত করে আহত করে। খবর পেয়ে তাকে দোকান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার ভোরে সে মারা যায়।
তিনি জানান, দক্ষিণখানের ‘বি’ ব্লকের এক নম্বর রোডের চব্বিশ নম্বর বাড়িতে তার মোবাইল ফোন রিচার্জ ও বিকাশ করার দোকান। দোকানের পাশের একটি ঘরে থাকতো দেলোয়ার।
দোকানে দুই/তিন লাখ টাকা ছিল এবং দেলোয়ার রাতে টাকা-পয়সা হিসাব করার সময় এ ঘটনা ঘটে বলেও তিনি জানান।
দোকানের টাকাগুলো আছে কী না জানতে চাইলে জহিরুল বলেন, “দেলোয়ারকে আহত পেয়েই হাসপাতালে নিয়ে এসেছি। টাকাগুলো আছে কী না বলতে পারছি না।”
দক্ষিণখান থানার ওসি শামীম উর রশিদ তালুকদার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
