২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা যাচ্ছেন প্রধানমন্ত্রী

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে বৃহস্পতিবার শ্রীলঙ্কা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 12:12 AM

Updated : 25 Apr 2022, 07:31 PM

নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলন উপেক্ষা করে সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা নেয়ার পর তার এই সফর হচ্ছে।

শ্রীলঙ্কা থেকে ফিরে শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠন করবেন বলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ইতোপূর্বে জানিয়েছেন।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের এই সম্মেলনে যোগ দেয়ার সময় নিউজি ল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। সম্মেলনে দেশটির প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সঙ্গেও বৈঠক হবে শেখ হাসিনার।

ঢাকা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দুপুরে কলম্বোর পথে রওনা হবেন শেখ হাসিনা। বিকালে সেখানে পৌঁছবেন তিনি।

এই সফরে প্রধানমন্ত্রী কলম্বোর তাজ সমুদ্র হোটেলে থাকবেন। সফরের প্রথম দিনেই তার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

পরদিন সকালে সরকার প্রধানদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। দুপুরে সরকার প্রধানদের সম্মানে কমনওয়েলথ মহাসচিবের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাতে তিনি দেশের পথে রওনা হবেন।

পুরনো খবর:

মন্ত্রিসভা বসছে রোববার